বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে স্মরণীয় করে রাখতে বগুড়া শাকপালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতি বিজড়িত সি এন্ড বি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


তারেক রহমানের ঘোষণা করা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২ টায় সারাদেশের প্রথমবারের মতো বগুড়ায় এ কার্যক্রমের সূচনা করে স্টার্টআপ বগুড়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা।


প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এ সময় তিনি বলেন,
তাদের অভিভাবক তারেক রহমানের দেশব্যাপী পঁচিশ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার অঙ্গীকার। বগুড়ার শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে সারা দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” তিনি বলেন, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে কথোপকথন কালে তাদের দলের চেয়ারম্যান তারেক রহমান এই পার্কটির কথা উল্লেখ করেছিলেন তখন এই পার্কটির চিত্র ছিল খুবই জরাজীর্ণ। সড়ক ও জনপদের জায়গা হওয়ায় পৌরসভা চাইলেও নিজ উদ্যোগে এটিই সংস্কার করতে পারেনি। তারপরেও দ্রুততম সময়ে সমন্বয়ের মাধ্যমে এই পার্টিকে একটি নতুন রূপ দেয়া হয়েছে। বর্তমানে প্রতিদিন হাজারো মানুষ এই পার্কটিতে সকালে যেমন হাঁটাহাঁটি করে তেমনি শিশুরাও খেলাধুলার জন্য সুন্দর একটি স্থান পেয়েছে। বাদশা বলেন, তাদের নেতা তারেক রহমান কংক্রিটের কোন স্থাপনা দিয়ে নয় বরং ইকো ফ্রেন্ডলি সিস্টেমে সবুজায়নে বিশ্বাস করেন। সেদিক থেকেই কাজ করছেন তারা।


আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকা সিবিআরই আইবিএম-এর টেকনিক্যাল ডিরেক্টর হাসান মাহবুব জানান, পরিকল্পিত নগরায়ন ও পরিবেশ সংরক্ষণ একসঙ্গে এগোতে হবে। ২১৩টি বৃক্ষরোপণের মাধ্যমে আজকের এই উদ্যোগ দেখিয়ে দিল, তরুণরাই পারে পরিবর্তনের নেতৃত্ব দিতে।”


এছাড়াও এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী একেএম আহসান হাবীব নাফি জানান, “তারুণ্যের শক্তি যদি সঠিক দিক-নির্দেশনা পায়, তবে দেশ গড়ার কাজ আরও গতিশীল হবে। আমরা চাই, এই কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে যাক এবং সারা দেশে ছড়িয়ে পড়ুক।”


আর এ প্রসঙ্গে স্টার্টআপ বগুড়ার সভাপতি মশিউর শাফী বলেন, “বগুড়া থেকেই তারা একটি দায়িত্বশীল সূচনা করতে চেয়েছিলেন। তারা অবশ্যই আগামীতে বগুড়াতে স্টার্টআপ নিয়ে কাজ করবে। পাশাপাশি এরকম সামাজিক উদ্যোগের সাথেও থাকতে চান তারা। এই বৃক্ষরোপণ কর্মসূচি তাদের প্রজন্মের পক্ষ থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রতি একটি অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।


সৃজনশীল এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ডিরেক্টর সৈয়দ আহনাফ তাজওয়ার, এটিএম তৌফিকুল ইসলাম, চিফ কো-অর্ডিনেটর আব্দুর রহমান দিয়ান, জোবায়ের বিন সিদ্দিকসহ বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী যথাক্রমে এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি একেএম আহসান হাবীব নাফি, চুয়েট ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌফিক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রকল্যাণ সম্পাদক গাজী তৌফিকুর রহমান চৌধুরী, আল হাসিবুল হক, আসিফ উল ইসলামসহ অনেকে।