বগুড়ায় র‌্যাবের অভিযানে ৬৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ১৯:১৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৯ বার।

বগুড়ার শহরের চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

 মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত পৌনে ৪টার দিকে শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকার হরিজন কলোনিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সনি বাশফোড় (৩০), আকাশ হরিজন (২৫) ও পিলু হরিজন (৩০)। তাঁদের সবার বাড়ি চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকায়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। পরে ভোররাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন, একটি সিম কার্ড এবং ২০৫ টাকা জব্দ করা হয়।

 

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।