বগুড়ায় পাঁচ দিনব্যাপী উচ্চাঙ্গ নৃত্যকর্মশালার কৃতি নৃত্যশিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ মে ২০২৬ ১৯:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় পাঁচ দিনব্যাপী উচ্চাঙ্গ নৃত্যকর্মশালার সমাপনী উপলক্ষে কৃতি নৃত্যশিক্ষার্থীদের সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের একটি মিলনায়তনে ‘আমরা কজন শিল্পী গোষ্ঠী’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ছন্দে–তিগধা দিগ দিগ থেই’ শিরোনামের এই আয়োজনে সভাপতিত্ব করেন আব্দুল মমিন জিন্নাহ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের বগুড়ার উপসচিব রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী এবং গন্তব্য পাবনার পরিচালক এম মুত্তাকিনুর রহমান তন্ময়।

 

 

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে নৃত্যগুরু সাজু আহম্মেদের হাতে উত্তরীয় ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পরে তাঁর পরিচালনায় শিল্পীরা দলীয় কথক নৃত্য পরিবেশন করেন।

 

এ ছাড়া ২০২৫ সালের নৃত্য শিক্ষাবর্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। একই সঙ্গে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫–এ জাতীয় পর্যায়ে উচ্চাঙ্গ নৃত্যে দ্বিতীয় স্থান অর্জন করায় মারজিয়া সুলতানা মেঘাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।