বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ মে ২০২৬ ২৩:৩৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৭৬ বার।

বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

 

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত দুজন হলেন- পৌর শহরের উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে আবু রায়হান (২০) এবং শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম হোসেন (২০)। তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

 

 

আহত ব্যক্তিরা হলেন- রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উদ্‌যাপন করতে কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

 

 

এতে ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তামিম হোসেন মারা যান।

 

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।