বগুড়ায় মোটরসাইকেলের বেপরোয়া গতিতেই প্রাণ গেল তিন বন্ধুর

স্টাফ রিপোর্টার
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নওগাঁ জেলার খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম(২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব(১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম(২০)। এরা তিনজনই একে অপরের বন্ধু ছিল। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। 

 

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, সোয়া ছয়টার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। নওগাঁ থেকে একটা বাইক নিয়ে তিন বন্ধু বগুড়ার দিকে যাচ্ছিল। তাদের বাইকের গতি ৮০ এর উপরে ছিল এবং সাইলেন্সের লাগানোর কারণে বিকট শব্দে তারা আঁকাবাঁকা করে চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বারোমাইল এলাকায় আসলে নওগাঁগামী আরেকটা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই তিন বন্ধু মারা যান এবং অপর মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন। 

 

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

 

 

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। । এ ঘটনায় দুজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

 

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন মাহাতো বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।