বগুড়ায় পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১৮:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার দুপচাঁচিয়ায় আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মকবুল হোসেন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন আলতাফনগর বাজার এলাকার মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ওই এলাকার প্রবাসী শফিকুল ইসলামের একটি টিনশেড বাড়িতে স্ত্রীসহ বসবাস করে আসছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে মকবুল হোসেনের নাতি সেলিম (২১) ঘুম থেকে উঠে পুকুরপাড়ে যান। এ সময় তিনি তাঁর দাদাকে পুকুরের পানিতে উপুড় হয়ে ভেসে থাকতে দেখেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এসে লাশটি পানি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, রাত দুইটা থেকে সকাল সাড়ে ছয়টার মধ্যকার কোনো একসময়ে পুকুরপাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।