বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া মহানগর জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
আরও বক্তব্য দেন মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ ও মাওলানা হেদায়েতুল ইসলামসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বারবার মূল্যবৃদ্ধি করে জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাদের দাবি, এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাচ্ছে।
তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় ও কৃষি উৎপাদন খরচ বাড়বে, যার প্রভাব পড়বে বাজারে। এতে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকিং খাত, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
তারা অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।