বগুড়ার ডিডিএলজি রাজিয়ার বিরুদ্ধে ইজারাসহ নানা অনিয়মের অভিযোগে তদন্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১৮:৩১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩২ বার।

সদ্য বিলুপ্ত হওয়া বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপপরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে এই নির্দেশনা দেয়া হয়। 

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা আলিম উদ্দিন হারুন লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে, রাজিয়া সুলতানা বগুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নিয়ম বহির্ভূত হাটবাজার ইজারা প্রদান করেছেন। এ ছাড়া পৌরসভার টেন্ডার, ইমারতের নকশা অনুমোদনে অনিয়মসহ উৎকোচ গ্রহণ ও স্বেচ্ছাচারিতা করেছেন। 

এই অভিযোগ স্থানীয় সরকার বিভাগ ছাড়াও মন্ত্রীপরিষদ, জনপ্রশাসন ও দুদকের মহাপরিচালকের দপ্তরেও দেয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রনালয় থেকে তদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়। 

মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ এর উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানা যায়, বগুড়া সিটি কর্পোরেশনের আগে দায়িত্ব পালনকালে বগুড়া পৌরসভার প্রশাসক ও উপপরিচালক, স্থানীয় সরকার, বগুড়া জেলা রাজিয়া সুলতানা এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এই অভিযোগের ঘটনায় ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত করতে বলা হয়েছে ওই নির্দেশনায়। 

তদন্তের বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের বগুড়া জেলার উপপরিচালক রাজিয়া সুলতানা। তিনি বলেছেন, আমি মৌখিকভাবে শুনেছি। এখনও লিখিত চিঠি আসেনি। অভিযোগ হলে তার তদন্ত তো হবেই। তদন্তে আসলে যেটা সত্য সেটা বেরিয়ে আসবে। আমি অপরাধ করে থাকলে বিধি অনুযায়ী যে শাস্তি হবে তা মেনে নিব। কিন্তু অভিযোগ মিথ্যা হলে তার ব্যবস্থা কি হবে?

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন, আমাকে মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে ঘটনাটি। এটা শুধু একটি অভিযোগ, এ জন্য এখনই কোনো মন্তব্য করার সুযোগ নেই। অভিযোগ যেহেতু উঠেছে, সেহেতু মন্ত্রনালয় থেকে এই তদন্ত করা হবে। এটা প্রশাসনিক প্রক্রিয়া।