বগুড়ায় নদীর স্রোতে ভেসে যাওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জুন ২০২৬ ১৬:০০ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৯ বার।

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে পরিবারসহ গোসলে নেমে পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া স্কুলছাত্র  তীর্থ সাহার (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

 

নিহত তীর্থ সাহা সোনাতলা নতুন বন্দর এলাকার শ্রী দীপক সাহার ছেলে।

 

জানা গেছে, শুক্রবার বিকেলে তীর্থ তার মা তৃষা সাহা, বোন মেঘা সাহা, চাচি লক্ষ্মী কর্মকার, চাচাতো ভাই বিশাল সাহা ও চাচাতো বোন ভূমি সাহাসহ বেশ কয়েকজন মিলে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসলে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তীর্থ সাহা ভেসে গিয়ে নিখোঁজ হয়।

 

খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন ও রাজশাহীর একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে গতকাল অন্ধকার হয়ে যাওয়ায় অভিযান সাময়িক স্থগিত করা হয়। পরে আজ শনিবার ভোরের দিকে আবারও উদ্ধার কাজ শুরু হলে সকাল ৭টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের লাশ উদ্ধার করা হয়।

 

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।