বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ জুন ২০২৬ ১৯:২৯ ।
বগুড়ার খবর
বগুড়ার কাহালুতে মাছ ধরার জন্য সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে একটি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব নিশ্চিন্তপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
জানা গেছে, সকালে খালের পানি সেচে মাছ ধরার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান রাকিব। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাশের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
আরও পড়ুন