বগুড়াসহ চার জেলায় টেকসই কৃষি উন্নয়নে ২৫০ কোটি টাকার প্রকল্প
স্টাফ রিপোর্টার
বগুড়াসহ চার জেলায় টেকসই কৃষি উন্নয়নে আগামী পাঁচ বছরে ২৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
রবিবার বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ‘বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় বগুড়া কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম।
বিশেষ অতিথি ছিলেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু, পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মতলুবর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. সামছুদ্দিন ফিরোজ।
স্বাগত বক্তব্য দেন বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক এনামুল হক।
কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় বগুড়া কৃষি অঞ্চলে শস্যের নিবিড়তা বাড়ানো, কমিউনিটিভিত্তিক জৈব সার উৎপাদন, জৈব পদ্ধতিতে সবজি চাষ, উদ্যোক্তাদের মাধ্যমে বীজ উৎপাদন, ফলের বাগান স্থাপনসহ ২৪টি আধুনিক কৃষি প্রযুক্তি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া অঞ্চলের কৃষিতে নতুন গতি সঞ্চার হবে। এর মাধ্যমে কৃষি উদ্যোক্তা তৈরি হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং নতুন জাতের ফসল সম্প্রসারণের পাশাপাশি তরুণদের কৃষিকাজে আগ্রহ বাড়বে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে বগুড়াসহ চার জেলায় টেকসই কৃষি উন্নয়নে ২৫০ কোটি টাকা ব্যয় করা হবে। আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে উৎপাদন বৃদ্ধিতে সরকার জোর দিচ্ছে।’
তিনি সরকারের কৃষি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।