বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ ১৩:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৬ বার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে ২২ ইঞ্চি উচ্চতার কালো পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোপাড়া হিন্দুপাড়া গ্রামের গোকুল চন্দ্র মালির ছেলে দলু চন্দ্র মালি (৩৫) বাড়ির পাশের একটি স্থানে মূর্তিটি দেখতে পেয়ে শিবগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাড়ির সামনের পাকা সড়ক থেকে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

 

মূর্তিটি কালো কষ্টিপাথরের তৈরি। তবে এর ওজন এখনও নির্ধারণ করা যায়নি।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে এটি থানার হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।