বগুড়ায় ফেসবুকে হতাশার স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ১৯:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩০১ বার।

বগুড়ার ধুনটে সামাজিক যোগাযোগ মাধ্যম হতাশার স্ট্যাটাস দিয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আনন্দ সরকার লালন (৪২) নামে এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ধুনট পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন ধরে ধুনট বাজারে দি গ্রেড শপিং সেন্টারে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।

 

 

 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যার আগে আনন্দ সরকার লালন নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আর পারছি না নিজের সাথে মিথ্যা অভিনয় করতে। কারও কোন দায় নেই। সবাইকে ভালো রাখতে যেয়ে নিজেই হেরে গেলাম। এর প্রায় ১০ মিনিটের মাথায় তিনি আত্মহননের পথ বেছে নেন। তার পরপরই পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরে ঢুকলে তাকে ঘরের ভেতরে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

 

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।