বগুড়ায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ১৬:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে প্রাথমিক ও মাধ্যমিক শাখার চারটি হাউজের মোট আটটি দল অংশ নেয়।

প্রতিযোগিতার ফাইনালে প্রাথমিক শাখায় শেরে বাংলা হাউজ এবং মাধ্যমিক শাখায় শহীদুল্লাহ্ হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ২৪ বগুড়ার সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম বাবু, সাংবাদিক শাহজাহান আলী, সাংবাদিক সজল শেখ, রাকেল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক অলোক পাল। শেষে অতিথিরা বিজয়ী দলগুলোর খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।