বগুড়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ১৬:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬১ বার।

বগুড়া জেলা কারাগারে চুরি মামলায় বিচারাধীন এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

 

 

মৃত হাজতির নাম আরিফ (৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার গোদাপাড়া গ্রামের বাসিন্দা বুলবুলের ছেলে। তাঁর হাজতি নম্বর ৫০১৬/২৬।

 

 

 

কারাগার সূত্রে জানা গেছে, চুরি মামলায় গত ৯ জুলাই আরিফকে বিচারাধীন হাজতি হিসেবে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটের দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ২টা ২৫ মিনিটে হাসপাতালের প্রিজন সেলের পুরুষ মেডিসিন ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

 

 

 

কারাগারের নথি অনুযায়ী, আরিফের বিরুদ্ধে বগুড়া সদর থানার জিআর নং-৩৭০/২৫ মামলায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা বিচারাধীন ছিল।

 

 

 

হাসপাতালের মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি ব্রংকাইটিসে ভুগছিলেন বলেও জানা গেছে।

 

 

 

বগুড়া জেলা কারাগারের জেলার নূরুল মুবীন বলেন, রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আরিফকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

 

 

 

এদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।