বগুড়ার ধুনটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ ১৮:০৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ ও বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আড়কাটিয়া গ্রামের আলী সরকারের ছেলে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং জোলাগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লাভলু খন্দকার (৩৮)।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে লাভলু খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

 

এ ছাড়া ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে নজরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়।

 

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।