বগুড়ায় ‘দল অন্যরকম’-এর সপ্তম বছরে পদার্পণ, গানাবৃত্তিতে মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

গান, কবিতা, সংগীত ও কথনের সমন্বয়ে ভিন্নধর্মী পরিবেশনা ‘গানাবৃত্তি’। এমন বৈচিত্র্যময় পরিবেশনার মধ্য দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করা সাংস্কৃতিক সংগঠন ‘দল অন্যরকম’ সপ্তম বছরে পা দিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  শুক্রবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। ‘শ্রাবণের ধারার সঙ্গে সুর-সংগীত-কবিতা-কথার উচ্ছ্বাসময় গানাবৃত্তি’ শিরোনামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ বগুড়ার প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন, টিএমএসএসের প্রধান নির্বাহী অধ্যাপক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকতসহ সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজনের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এরপর কর্নেট শিল্পী বিকাশের বাদনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে ড. নির্ঝর অধিকারী ও পৌষরাম সরকারের যৌথ পরিবেশনায় তবলা ও বাঁশির সহযোগে শাস্ত্রীয় সুর-তাল লহড়া পরিবেশিত হয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী পড়শীর নৃত্য পরিবেশনও দর্শকদের মুগ্ধ করে।

সন্ধ্যায় মঞ্চে ওঠে ‘দল অন্যরকম’-এর মূল আয়োজন গানাবৃত্তি। এতে নজরুল বর্ষে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে গানাবৃত্তি, স্বর্ণযুগের আধুনিক গান, মৌলিক গান, ফোক ফিউশন, লালন, ভাওয়াইয়া ও সুফি কাওয়ালির পরিবেশনা ছিল।

গানাবৃত্তিতে অংশ নেন সোবহানী বাপ্পী, স্বর্গীয় তৌহিদ, সানাউর রহমান, অলক পাল, বায়েজিদ নিবিড়, রবিউল করিম, আমিরুল রকি, আল গালিব ও রাহুল স্মরণসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ আলীম।

আয়োজন ঘিরে বিকেল থেকেই শহীদ টিটু মিলনায়তন ও এর চত্বর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সন্ধ্যার পরিবেশনা দেখতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ পরিবার নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, সিআইডি মোতাহার হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জাসাস বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালক পরিমল চন্দ্র দাসসহ অনেকে।

দুটি পর্বেই সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘দল অন্যরকম’-এর প্রধান উপদেষ্টা কালাম আজাদ।

আয়োজনে সহযোগিতা করে বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, ভোর হলো ও হিন্দোল একাডেমি।

‘দল অন্যরকম’-এর সদস্যসচিব সোবহানী বাপ্পী বলেন, দর্শকের উৎসাহ ও ভালোবাসায় তাঁদের দায়িত্ব আরও বেড়ে গেছে। শুদ্ধ সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে মঞ্চে আরও নতুন কাজ উপহার দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে চান তাঁরা।