বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের
স্টাফ রিপোর্টার
বগুড়ায় বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শামীম হোসেন (৪৮) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে এরুলিয়া বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামীম হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাতশুকান এলাকার রইস উদ্দিন ফকিরের ছেলে।
জানা গেছে, বুধবার সকাল সাতটার দিকে শামীম হোসেন দুপচাঁচিয়া থেকে অটোভ্যান নিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দর সড়ক এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ সুলতান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং শামীম মারাত্মক আহত হন। স্থানীয় পথচারীরা উদ্ধার করে তাঁকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, স্বজনেরা নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।