প্রধানমন্ত্রীর হাতেগড়া বগুড়ার শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ অগাস্ট ২০২৬ ১৯:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক নতুন রূপে ফিরছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে গড়ে ওঠা এ পার্কের আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

শনিবার বিকেল পাঁচটায় শাকপালা পার্কের আধুনিকায়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।

 

বগুড়া শহরের শাকপালা মোড়ে অবস্থিত পার্কটি একসময় শহরবাসীর বিনোদন ও অবসর কাটানোর অন্যতম স্থান ছিল। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের সময় তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পার্কটি গড়ে তোলা হয়।

 

দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একপর্যায়ে এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়। এবার নতুন করে উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ায় পার্কটি আবারও শহরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী পার্কের স্থান পরিদর্শন করেন।

 

সংশ্লিষ্টরা জানান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী তারেক রহমানের লন্ডনের বৈঠকে দেশের নির্বাচন প্রসঙ্গের পাশাপাশি শাকপালা পার্ক নিয়েও আলোচনা হয়েছিল।