স্মৃতিতে অম্লান নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ অগাস্ট ২০২৬ ১৯:৪৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ‘স্মৃতিতে অম্লান’ শীর্ষক দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান সুরুজ।

স্মরণসভায় বক্তব্য দেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী, নাট্যজন খলিলুর রহমান চৌধুরী, সংগীতশিল্পী মো. লিটন শেখ, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ, নৃত্যশিল্পী উজ্জল হোসেন, শামিল রহমান, সুমনা ইয়াসমিন সোমা, মার্জিয়া সুলতানা মেঘা, অদ্বিতীয়া দাস ও আয়েশা ফাইরুজ।

বক্তারা বলেন, নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ শুধু এ অঞ্চলের ছেলেমেয়েদের নৃত্যশিক্ষায় শিক্ষিত করেননি, তাঁদের ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন। তাঁর হাতে গড়া অনেকেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন।

বক্তারা আরও বলেন, সৃষ্টিশীল কাজের মাধ্যমে আব্দুস সামাদ পলাশ বাংলার লোকনৃত্যকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন। নৃত্যশিল্পে তাঁর অবদান তাঁকে চিরকাল বাঁচিয়ে রাখবে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রয়াত নৃত্যগুরু ও সংস্কৃতিজনদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফিরোজ কবির। হামদ ও নাতে রাসুল পরিবেশন করেন তাসলিম ত্রয়ী। দোয়া পরিচালনা করেন খান্দার আবহাওয়া মসজিদের খতিব মাওলানা আল রাজি রাজু।

এর আগে বাদ জোহর বগুড়া শহরের সূত্রাপুরে আব্দুস সামাদ পলাশের নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি এতিমখানায় এতিম শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।