ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে তিন দিনমজুর

প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৬ ১৮:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন দিনমজুর। অচেতন অবস্থায় তাঁদের বগুড়া শহরের তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাত সোয়া তিনটার দিকে টহল পুলিশ তাঁদের মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে।

 

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালিচাপড় গ্রামের মোস্তাকিম (৩০), আজিজুল ইসলাম ও একই উপজেলার মালাধর গ্রামের সুজ্জল প্রধান (৪০)।

 

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনজনই ঢাকায় দিনমজুরের কাজ করতেন। কাজ শেষে বাসে করে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বাসের মধ্যেই অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের অচেতন করে সঙ্গে থাকা টাকা নিয়ে নেয় বলে ধারণা করা হচ্ছে। পরে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে যান বলে পুলিশ ধারণা করছে।

 

 

ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লাল মিয়া বলেন, তিন দিনমজুর ঢাকায় কাজ করে উপার্জন করা টাকা হারিয়েছেন। ভোররাতে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

 

 

লাল মিয়া আরও বলেন, ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।