বগুড়ায় নজরুলের প্রয়াণ দিবসে ‘স্মরণে নজরুল’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬ ১৮:২৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্মরণে নজরুল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।

 

সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বগুড়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফুর রহমান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, উচ্চারণ একাডেমির পরিচালক ও সাংস্কৃতিক ফোরাম বগুড়ার সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ, কবি বখতিয়ার শামিম এবং সংগঠনের সদস্য তানজিলা সেলিম।

 

আলোচকেরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্য ও মানবতার চেতনা এবং তাঁর সৃষ্টির প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন।

 

অনুষ্ঠানে আব্দুল মোবিন জিন্নাহর পরিচালনায় সংগঠনের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় পরিবেশিত হয় দলীয় নৃত্য। এ ছাড়া একক আবৃত্তিও পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী।