সুস্থ দেহ ও প্রশান্ত মনের খোঁজে বগুড়ায় হচ্ছে মেডিটেশন মেলা

প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬ ১৮:৩৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

সুস্থ দেহ ও প্রশান্ত মনের খোঁজে বগুড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ‘ফ্রি মেডিটেশন মেলা। আজ শুক্রবার (২৮ আগস্ট) শুক্রবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হবে না। মেলার মূল উদ্দেশ্য হলো-মেডিটেশন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করা এবং পড়াশোনায় মনোযোগ, ক্যারিয়ার, স্বাস্থ্য, পরিবার ও মানসিক সুস্থতাসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি করা। মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকবে ফ্রি মেডিটেশন সেশন, অভিজ্ঞ কাউন্সেলরের মাধ্যমে ফ্রি কাউন্সেলিং, ডকুমেন্টারি প্রদর্শনী এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও পুরস্কারের ব্যবস্থা। শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। আয়োজকদের প্রত্যাশা, দিনব্যাপী এ আয়োজনে প্রায় দুই হাজার দর্শনার্থীর সমাগম হতে পারে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ফ্রি স্বাস্থ্যবিষয়ক সেমিনার। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের খ্যাতিমান লাইফস্টাইল মডিফায়ার ডা. মনিরুজ্জামান, কো-অর্ডিনেটর, কোয়ান্টাম হার্ট ক্লাব। তিনি স্বাস্থ্যকর জীবনযাপন, জীবনধারা পরিবর্তন, মানসিক প্রশান্তি ও সুস্থ জীবন গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবেন। আয়োজকরা জানান, বর্তমান সময়ে ব্যস্ততা, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন ও নানা ধরনের উদ্বেগের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি হচ্ছে। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং নিজের মন ও জীবনযাপন সম্পর্কে মানুষকে আরও সচেতন করতেই এ ধরনের আয়োজন। মেলায় আগতরা মেডিটেশন সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার পাশাপাশি অভিজ্ঞ কাউন্সেলরের কাছ থেকে নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে বিনামূল্যে পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে মেডিটেশন মেলার আয়োজনের ক্ষেত্রে রাজশাহীতে এর আগে দুইবার এ ধরনের মেলা অনুষ্ঠিত হয়েছে; সেই ধারাবাহিকতায় এবার বগুড়ায় প্রথমবারের মতো মেডিটেশন মেলার আয়োজন করা হচ্ছে। ফলে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে মেডিটেশন ও স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে সচেতনতা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া শাখার পক্ষ থেকে বগুড়ার সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজনসহ মেলায় এসে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের ভাষ্য, কোনো ধরনের প্রবেশমূল্য ছাড়াই দিনব্যাপী এ মেলায় অংশ নিয়ে দর্শনার্থীরা মেডিটেশন, স্বাস্থ্যকর জীবনযাপন ও মানসিক প্রশান্তি সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সঙ্গে পরিচিত হতে পারবেন।