বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬ ১৯:০৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৩৯ বার।

বগুড়ায় এক নারীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও-ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

 

বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাঁকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১২-এর বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হান্নান হাওলাদার বলেন, ভুক্তভোগী নারীর বয়স ৩৪ বছর। তাঁর স্বামী প্রায় চার বছর ধরে প্রবাসে রয়েছেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে মাসুদের সঙ্গে ওই নারীর পরিচয় হয়।

 

তিনি বলেন, একপর্যায়ে মাসুদ ওই নারীর হাত থেকে জোর করে মুঠোফোন নিয়ে যান। পরে মুঠোফোন ফেরত নিতে তাঁর বাড়িতে যেতে বলেন। ফোন আনতে ওই নারী মাসুদের বাড়িতে গেলে সেখানে অন্য কেউ না থাকার সুযোগে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

 

হান্নান হাওলাদার আরও বলেন, এ সময় মাসুদ মুঠোফোনে ওই নারীর আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে সেসব ভিডিও ও ছবি দেখিয়ে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মাসুদকে এক নম্বর আসামি করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

র‌্যাব কর্মকর্তা হান্নান হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, গ্রেপ্তার এড়াতে মাসুদ শিবগঞ্জের আলাদীপুর এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।