বগুড়ায় সাত বছরের শিশুকে কুপিয়ে হত্যা, যুবক আটক

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬ ২০:৪৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির বাইরে খেলাধুলার সময় আমেনা খাতুন নামে সাত বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

 

শুক্রবার বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আমেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আটক আবু হোসাইন (৩৫) একই এলাকার আব্দুর রশিদের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল তিনটার দিকে বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আমেনা। এ সময় আবু হোসাইন হঠাৎ ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে লাঠি দিয়েও শিশুটিকে আঘাত করা হয়।  

 

গুরুতর আহত আমেনাকে উদ্ধারের চেষ্টা করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর স্থানীয় লোকজন আবু হোসাইনকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

 

অভিযুক্ত আবু হোসাইন মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের দাবি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কি না, তা যাচাই করা হবে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

 

 

তিনি বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।