ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু

প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬ ১৭:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৯২১ বার।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

 

রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তার বাড়ি গাবতলীর তরফসরতাজ এলাকায়। 

 

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান  বলেন, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে রনজিনা গত রাতে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।

 

 

আজ ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে রনজিনা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান, বলেন এই পুলিশ কর্মকর্তা।

 

মিজান আরও বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, ‘আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’