বগুড়ায় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। হামলার আগে আশপাশের লোকজনকে সরিয়ে দিতে ও আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকায় জারা কার হাউজের বিপরীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোকসেদ আলীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

মোকসেদ আলী মাটিডালী উত্তরপাড়া এলাকার মো. হায়দার আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মোকসেদ আলীকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

শুক্রবার রাতে ৬ থেকে ৭ জনের একটি দল মাটিডালী এলাকায় এসে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন সরে গেলে দলটি মোকসেদ আলীকে একা পেয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

 

মোকসেদ আলীর প্রতিবেশী মো. সাব্বির ইসলাম বলেন, মোকসেদ পঞ্চগড়ে স্বর্ণের কাজ করেন। মাঝে মাঝে এলাকায় এসে দু-একদিন থেকে আবার চলে যান। এলাকায় তাঁর সঙ্গে কারও বিরোধ ছিল বলে তাঁরা জানতেন না।

 

ঘটনার পর বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ইকবাল বাহার এবং র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।

 

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, দুই জোড়া জুতা ও কয়েকটি লাঠিসোঁটা জব্দ করেছে।

 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন মোরাদ বলেন, রাত পৌনে ১০টার দিকে ৬ থেকে ৭ জনের একটি দল সেখানে গিয়ে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার পর মোকসেদকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুটি গুলির খোসা প্রাথমিকভাবে ৭ দশমিক ৬৫ এমএম বোরের বলে ধারণা করা হচ্ছে। তবে অস্ত্রটি থানা থেকে লুণ্ঠিত কোনো অস্ত্র নয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আমবাগানকেন্দ্রিক পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় একজনই আহত হয়েছেন। মোকসেদ আলীর কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।