বগুড়ায় পা দিয়ে ময়দা মাখানো, পোড়া তেলে চানাচুর, জরিমানা ৩ লাখ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৬ বার।

বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও সেমাই তৈরির অভিযোগে ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

 

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বলেন, অভিযান চালিয়ে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির চিত্র দেখা যায়। ময়লা মেঝেতে পা দিয়ে ময়দার ডো তৈরি করে চানাচুর বানানো হচ্ছিল। একইভাবে ময়লা মেঝেতে পা দিয়ে চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। উৎপাদিত খাদ্যও রাখা হচ্ছিল অপরিষ্কার মেঝেতে। সেখানে বিভিন্ন ধরনের ময়লা ছড়িয়ে ছিল।

 

তিনি আরও বলেন, কারখানাটিতে দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহার করে চানাচুর ভাজা হচ্ছিল। এ ছাড়া চানাচুর তৈরিতে অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছিল। কারখানার কর্মীরাও ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না।

 

মো. রাসেল জানান, এসব অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।