লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮ বার।

বগুড়ায় অবৈধভাবে মশার কয়েল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সাত দিনের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এ অভিযান চালায়।

 

অভিযানে রাজাপুর ব্রিজ এলাকায় অবস্থিত এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খান এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।

 

 

 

বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই ‘লিনজা’ ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন করছিল। এ ছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল।

 

এসব অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।