বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ ওঠা পুলিশ সদস্য আনেস আলী সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সান্তাহার পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেই আনেস আলীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা শোনা যাচ্ছে। একাধিক নারীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি শয়নকক্ষে তাঁর অবস্থানের ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে যোগ দেন আনেস আলী। যোগদানের কয়েক মাস পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠতে থাকে। সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতের অভিযোগে একবার তাঁকে স্থানীয় লোকজন আটক করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয় বলে কয়েকজন বাসিন্দা দাবি করেছেন।
সর্বশেষ প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগসংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে কথা না বলতে স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আনেস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, ‘তথ্যটি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’