খাসির বদলে ছাগী-ভেড়ার মাংস, বগুড়ায় দুই কাচ্চির দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

খাসির কাচ্চি বলে ছাগী ও ভেড়ার মাংস বিক্রি এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে বগুড়া শহরের দুই বিরিয়ানির দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

 

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. মেহেদি হাসানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চলে। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তা দেয়।

 

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’-এ খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির কথা বলা হলেও পরিদর্শনে ছাগী ও ভেড়ার মাংস ব্যবহার করতে দেখা যায়। তবে মূল্যতালিকায় খাসির মাংসের উল্লেখ থাকলেও ছাগী বা ভেড়ার মাংসের কথা উল্লেখ ছিল না।

 

 

তিনি বলেন, রান্নাঘর পরিদর্শনের সময় অপরিশোধিত লবণ দিয়ে কাচ্চি, বিরিয়ানিসহ অন্যান্য খাবার তৈরি করতে দেখা যায়। এ ছাড়া রান্নাঘরের পরিবেশও অপরিষ্কার ছিল। এসব কারণে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিপণনের বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।