ঢাকায় নজরুল নৃত্য উৎসবে ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর’ মনোমুগ্ধকর পরিবেশনা
স্টাফ রিপোর্টার
ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব-২৬’-এর সমাপনী দিনে দলীয় নৃত্য পরিবেশন করেছে বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’। সংগঠনটির শিল্পীরা কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, সাম্য ও মানবতার চেতনাকে ধারণ করে নৃত্য পরিবেশন করেন।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উৎসবের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র শিল্পীরা মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ উৎসবে ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে প্রশংসা ও উচ্ছ্বাস সৃষ্টি করে। নজরুলের গান ও সৃষ্টির ভাবধারাকে নৃত্যের মাধ্যমে তুলে ধরেন সংগঠনটির শিল্পীরা।
উৎসবে নৃত্য পরিচালকদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. জাকির হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যশিল্পীরা অংশ নেন। তবে সমাপনী দিনের আয়োজনে ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র অংশগ্রহণ বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের জন্য ছিল উল্লেখযোগ্য একটি অর্জন।