বগুড়ার শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক শক্তিতে বলীয়ান করতে হবে- জেলা প্রশাসক তৌফিকুর রহমান
স্টাফ রিপোর্টার
বগুড়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পরিমার্জিত ডিপিএড প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) জানুয়ারি-অক্টোবর সেশনের প্রদর্শনী স্টল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রেণিকক্ষে কেবল পাঠ্য বইয়ের জ্ঞান দান নয়, শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশু শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক শক্তিতে বলীয়ান করতে দায়িত্বশীল ভূমিকা রাখুন। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যহত থাকবে। আলোকিত ও বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রদর্শনীর সন্তুষ্টি প্রকাশ করেছেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিআই সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন।