শুক্রবার প্রচারিত হবে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে ‘দল অন্যরকমের’ গানাবৃত্তি
স্টাফ রিপোর্টার
বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের তরুণদের নিয়ে গড়ে ওঠা গানের দল ‘দল অন্যরকম’ এবার চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে গানাবৃত্তি পরিবেশন করবে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘অন্যরকম গান’ শিরোনামের অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।
অনুষ্ঠানে দলটির পরিবেশনায় অংশ নিয়েছেন সোবহানী বাপ্পী, সানাউর রহমান, বায়েজিদ নিবিড়, রবিউল করিম, আমিরুল রকি, আল গালিব, রাহুল স্বরণ ও অলক পাল।
দলটির সদস্য সোবহানী বাপ্পী বলেন, ‘অন্যরকম গান’ আয়োজনে তাঁরা জনপ্রিয় কিছু গান নিজেদের আঙ্গিকে পরিবেশন করেছেন। পাশাপাশি দল অন্যরকমের দুটি মৌলিক গানও পরিবেশন করা হয়েছে।
সোবহানী বাপ্পী জানান, মৌলিক গান দুটির একটি বগুড়া থিয়েটারের প্রযোজিত ‘কৈবর্ত্য বিদ্রোহ’ নাটকের গান। অন্য গানটির গীতিকার মো. কামরুজ্জামান। একটি গানে সুর করেছেন সোবহানী বাপ্পী এবং অন্য গানটির সুর করেছেন এ টি এম নজরুল ইসলাম।
দল অন্যরকমের পরিবেশনার সূত্রধর অলক পাল বলেন, তাঁদের পরিবেশনায় গান ও কবিতার সমন্বয় থাকে। এ ধরনের পরিবেশনাকেই তাঁরা ‘গানাবৃত্তি’ বলেন। তাঁর ভাষায়, দলের নামের মতো পরিবেশনাতেও স্বকীয়তা ধরে রাখার চেষ্টা থাকে।
বগুড়া থিয়েটারের মঞ্চে কাজ করা একদল তরুণ ২০২০ সালে গান নিয়ে নিজেদের মতো করে পরিবেশনা শুরু করেন। তখন দলের নির্দিষ্ট কোনো নাম ছিল না। বিভিন্ন পরিবেশনার পর দর্শকেরা তাঁদের পরিবেশনাকে ‘অন্যরকম’ বলে অভিহিত করতেন। পরে সেই পরিচয় থেকেই দলের নাম হয় ‘দল অন্যরকম’।
দলটির পরিবেশনায় কবিতা, গান ও গল্পের সমন্বয় থাকে। কখনো লোকজ গান, কখনো মুক্তির গান, আবার কখনো পরিচিত গানের নতুন বিন্যাসে পরিবেশন করেন তাঁরা। হারমোনিয়াম, ঢোল, তবলা, বাঁশি ও বেহালার পাশাপাশি অ্যাকোস্টিক ও ইলেকট্রিক গিটারের ব্যবহারও রয়েছে তাঁদের পরিবেশনায়।
দলটির সদস্যরা জানান, তাঁদের পরিবেশনা সাধারণত ৪০ থেকে ৪৫ মিনিটের হলেও কখনো তা দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত হয়। গান ও কথার সমন্বয়ে তৈরি এই পরিবেশনার মূল স্লোগান, ‘কবিতা আর বাংলা গানে মন ভাসুক ভাটি কিংবা উজানে।’
২০২০ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আকস্মিক একটি পরিবেশনার মধ্য দিয়ে দলটির যাত্রা শুরু হয়। এরপর ২০২৪ সালের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দলটির পরিবেশনা পরিচিতি পেতে শুরু করে বলে দলটির সদস্যরা জানান।
কবিতাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মৌলিক গান তৈরির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ও দেশের বাইরে বাংলা গান ও কবিতার এই ধরনের পরিবেশনা ছড়িয়ে দিতে চান দলটির সদস্যরা।