রাশিয়ায় এমবিবিএস পড়ার সুযোগ, মেধাবী শিক্ষার্থীর পাশে বগুড়া জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

রাশিয়ার একটি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পাওয়া বগুড়ার এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীর আনুষঙ্গিক খরচ বহনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বগুড়া জেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

 

এ সময় জেলা প্রশাসক বলেন, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক প্রতিবন্ধকতা যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। দেশের বাইরে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া এই শিক্ষার্থী ভবিষ্যতে চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

 

চেক হস্তান্তরের সময় জেলা প্রশাসক শিক্ষার্থীর পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। একই সঙ্গে বিদেশে পড়াশোনার সুযোগকে কাজে লাগিয়ে দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

 

জেলা প্রশাসনের এমন উদ্যোগকে শিক্ষার্থী ও তার পরিবারের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। তারা জানান, বিদেশে মেডিকেল শিক্ষার সুযোগ পাওয়ার পর বিভিন্ন আনুষঙ্গিক খরচ নিয়ে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, জেলা প্রশাসনের এই সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে কাজ করবে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের প্রয়োজনের সময়ে সহযোগিতার মাধ্যমে তাদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।