পীরগাছা হাটের সরকারি জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া সদর উপজেলার পীরগাছা হাটের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে হাটের ইজারাদার মো. আরিফুল ইসলাম বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম জানান, পীরগাছা হাটের ৬৯৬, ৭০৮ ও ৭০৯ দাগে মোট ৯৭ শতক জমি ইজারা নিয়ে তিনি হাট পরিচালনা করছেন। তবে ইজারাকৃত জমির প্রায় ২১ শতক একটি মন্দিরের নামে দখলে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া আরও প্রায় ছয় শতক জমির ওপর অনুমোদন ছাড়াই দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে।

ইজারাদারের অভিযোগ, সরকারি জায়গায় দোকান নির্মাণ করে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তা ভোগদখল করছেন। ফলে ইজারার পরও তিনি হাটের পুরো জায়গা ব্যবহার করতে পারছেন না এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

আরিফুল ইসলাম আরও জানান, বিষয়টি বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-কে লিখিতভাবে জানানো হয়েছে। হাটের জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সুষ্ঠুভাবে হাট পরিচালনার সুযোগ দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।