বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নূর বেকারিতে পণ্য তৈরি, জরিমানা ৬০ হাজার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং ময়লা মেঝেতে পাউরুটি রাখার অভিযোগে বগুড়ার ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের ঠনঠনিয়া শাহপাড়া এলাকায় বেকারিটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযানে বেকারিটির উৎপাদনকক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়। গুণগত মান যাচাইয়ের সনদ না থাকা রাসায়নিক ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল। বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। খাদ্যকর্মীরাও যথাযথ স্বাস্থ্যবিধি মানছিলেন না।

তিনি বলেন, ‘বেকারিতে স্টিলের টেবিলের পরিবর্তে অপরিষ্কার কাঠের টেবিল ব্যবহার এবং ময়লা মেঝেতে প্রস্তুত করা পাউরুটি রাখার বিষয়টিও পাওয়া গেছে। এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক দোষ স্বীকার করেন।’

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। একই সঙ্গে অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তা দেয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।