বগুড়ায় হাইচের ধাক্কায় রাস্তা পার হওয়ার সময় যুবক নিহত
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি হাইচের ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘোগা বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রুবেল। এ সময় দ্রুতগতির একটি হাইচ তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে বিকেল পৌনে ছয়টার দিকে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরে ছোনকা বাজার জামে মসজিদের সামনে মরদেহ রেখে দেওয়া হয়। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ছোনকা এলাকায় কোনো মরদেহ পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর হাইচটি পালিয়ে যাওয়ায় এর চালক ও গাড়িটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।