বগুড়ার গাবতলীতে পৌর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মশা নিধন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে ডেঙ্গু ও মশা নিধন করতে হলে সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যার যার বাড়ি ও চারপাশ নিজেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেবল একজনের উদ্যোগে এটি সম্ভব নয়।
জনপ্রতিনিধি ও নেতাদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়ে সাবেক এই মেয়র বলেন, ভোটের আগে কাছে এসে ভোটের পর আর খোঁজ না রাখা এমন রাজনীতি চলবে না। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকা এবং কথার সঙ্গে কাজের মিল রাখাই একজন প্রকৃত নেতার বৈশিষ্ট্য। গাবতলী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান ও উন্নয়নমূলক কাজ চলমান থাকবে। পাশাপাশি যুবসমাজের বেকারত্ব দূর করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গাবতলী পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহসভাপতি মতিউর রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দীন বুলবুল এবং শ্রমবিষয়ক সম্পাদক রহেদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাবতলী পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সাব্বির হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। ধারাবাহিকভাবে পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে উদ্যোক্তারা জানান।