বগুড়ায় শিশু সপ্তাহের সমাপনী
স্টাফ রিপোর্টার
বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিকুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ ছাড়া উপস্থিত ছিলেন শিশু একাডেমির নবগঠিত জেলা পরিচালনা কমিটির মনোনীত সদস্য নাজমা আখতার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট পলাশ সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬-এর কর্মসূচি শুরু হয়। এর ধারাবাহিকতায় ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বগুড়া জেলা শিশু একাডেমির আয়োজনে টানা পাঁচ দিন বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য, মোরগ লড়াই ও মার্বেল খেলাসহ শিশুদের জন্য নানা বিনোদনমূলক ও মেধা বিকাশমূলক প্রতিযোগিতা।
পাঁচ দিনব্যাপী এসব আয়োজনে অংশ নেয় শিশুরা।
শনিবার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।