বগুড়া কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা কারাগারে থাকা মাদক মামলার হাজতি রহিম উদ্দিন (৬০) মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রহিম উদ্দিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের ঠারু শেখের ছেলে।
সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো. আসাদুর রহমান জানান, মাদক মামলার আসামি হিসেবে গত ৫ জুন আদালতের মাধ্যমে রহিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়। কারাগারে আসার পর থেকে তিনি বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা হাসপাতালে তাঁর চিকিৎসা দেওয়া হয়।
জেল সুপার বলেন, রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে রহিম উদ্দিন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাঁকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
জেল সুপার আরও জানান, সোমবার (২ নভেম্বর) ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রহিম উদ্দিনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে শজিমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেল তিনটার দিকে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।