বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে করা মামলায় শাহাদৎ হোসেন (২৯) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহাদাৎ হোসেন পৌর শহরের সদরপাড়া এলাকার শাহ আলমের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
জানা গেছে, বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীদের কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শাহাদাৎ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।