নওগাঁয় পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৯:৫৮ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১০ বার।

নওগাঁয় পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১ টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় আল বারাকা পরিবহনের দুটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণ আসার আগেই বাস দুটির ব্যাপক ক্ষতি হয়েছে। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরে বাইপাস গাবতলী মোড় নামক স্থানে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত ১টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক বা হেলপার ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।