নতুন ধানে ভাত রেঁধেছি’, বগুড়ায় নবান্নের উৎসব

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

নতুন ধানের ঘ্রাণ, পিঠাপুলি আর লোকজ গানের সুরে বগুড়ায় উদ্‌যাপিত হয়েছে নবান্ন উৎসব। ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ প্রতিপাদ্যে সোমবার (১৬ নভেম্বর) বিকেল চারটায় পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে আমরা ক'জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। তিনি শিশু শিল্পীদের মুখে নতুন ধানের তৈরি খাবার তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান রানু বলেন, নবান্ন উৎসবের সঙ্গে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি মিশে আছে। নতুন ধান কাটা এবং সেই ধানের প্রথম অন্ন গ্রহণকে কেন্দ্র করে এ উৎসব পালিত হয়। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম এই উৎসব মানুষের মধ্যে হৃদ্যতা ও বন্ধন দৃঢ় করে।

 

অনুষ্ঠানে নবান্নের ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে কথা বলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, চিকিৎসক ডা. নাজনিন সুমাইয়া, সংগঠনের সদস্য অদিতি সিনহা ও সুমনা ইয়াসমিন সোমা।

 

উৎসবে অতিথি ও শিল্পীদের আপ্যায়ন করা হয় চিড়া, মুড়ি, মুড়কি, মোয়া, খই, মলা ও শীতের বিভিন্ন ধরনের পিঠা দিয়ে।

 

পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক'জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের শিল্পীরা বাংলার লোকজ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। নাচ ও গানের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাংলার লোকজ ঐতিহ্য।

 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ। অনুষ্ঠান শেষে দর্শক ও অতিথিদের নবান্নের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।