বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ১০:২৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১১৫ বার।

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা খলিল সরদার গুরুতর আহত হয়েছেন।

 

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাখাওয়াত হোসেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত তনির শাহের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান বলেন, সকালে দুপচাঁচিয়া এলাকায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত। পথে মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত ও তাঁর সঙ্গে থাকা খলিল সরদার গুরুতর আহত হন।

 

পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খলিল সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।