বগুড়ায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ পালন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ২০:৪৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২ বার।

বগুড়ায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার বিকেলে দুর্বার নেটওয়ার্ক বগুড়া ও নারীপক্ষের যৌথ আয়োজনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

গ্রামীণ আলোর নির্বাহী পরিচালক ও দুর্বার নেটওয়ার্কের সদস্য ফেরদৌসী বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তাঞ্জিমা আখতার। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারী নির্যাতনের ঘটনায় দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

 

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও দুর্বার নেটওয়ার্কের সদস্য মিনতি আকতার, দুর্বার নেটওয়ার্ক কেন্দ্রীয় সম্পাদক ও বগুড়া সভাপতি নাজমা আকতার, মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ এবং পেসডের নির্বাহী পরিচালক ও দুর্বার নেটওয়ার্কের কোষাধ্যক্ষ রোমমানা খাতুন।

 

 

দিবসটি উপলক্ষে শহরের কালিতলায় নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সচেতনতা সৃষ্টি ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।