বগুড়ায় জেলা পর্যায়ে পিভিএইচপি প্রকল্পের অবহিতকরণ ও কর্মশালা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধ এবং তাদের জন্য নিরাপদ সামাজিক সুরক্ষাবলয় গড়ে তোলার লক্ষ্যে জেলা পর্যায়ে পিভিএইচপি প্রকল্পের অবহিতকরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের ‘করতোয়া’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তাঞ্জিমা আখতারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং বিভিন্ন ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, প্রকল্পের সুফল বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে হবে, যাতে তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও ক্ষতিকর সামাজিক প্রথার বিরুদ্ধে সচেতন হয়ে ওঠে এবং প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম লিটন, সহকারী ভূমি কমিশনার মো. বদরুজ্জামান রিশাদ এবং জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোছা. খুরশিদা বানু।
কর্মশালায় নারী শিক্ষা প্রসারের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক সুপারিশ প্রণয়ন করা হয়।
কর্মশালায় বিভিন্ন উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।