নওগাঁর রাণীনগরে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে এসআরবি
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসস্পন্স ব্যাটেলিয়ান-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে রানীনগর উপজেলা সদরের হাতিরপুল এলাকায় জঙ্গল থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল।
তিনি জানান, রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় স্পেশাল রেসস্পন্স ব্যাটেলিয়ান-৫, নাটোর ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে হাতিরপুল এলাকায় সড়কের পাশে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের টেপ দিয়ে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করে।
ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, জব্দ তালিকা করে এসআরবি'র আভিযানিক দল ককটেলগুলো রাণীনগর থানায় জমা দিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো তাজা কিনা তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞদল আসবেন। এরপর পরীক্ষা অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এই ককটেল উদ্ধারের বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি এর পক্ষ থেকে কোন বক্তব্য বা প্রেস রিলিজ পাওয়া যায়নি।