বগুড়ায় ১০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
বগুড়ায় ১০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে শহরের জলেশ্বরীতলা বনমালী লেনের ইংল্যান্ড মালেকা টাওয়ারের সামনে থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়ার মোজাহারুল ইসলামের ছেলে মো. জাহিদুল বারী জাহিদ (৪১) ও গাবতলী উপজেলার বালিয়াদীঘি এলাকার জলিল আকন্দের ছেলে মো. শাকিল আহম্মেদ (৩৪)।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলেশ্বরীতলা বনমালী লেনের ইংল্যান্ড মালেকা টাওয়ারের সামনে অভিযান চালানো হয়। এ সময় জাহিদুল বারী জাহিদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩ হাজার ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি ইকবাল বাহার আরও বলেন, জাহিদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত দুইটার দিকে শাকিল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৬ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে মোট ১০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।