নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল নওগাঁয় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নওগাঁ প্রতিনিধি
নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতেও নেয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি।
জামায়াত আমীর আসা উপলক্ষ্যে বুধবার দুপুরে নওগাঁ জেলা জামায়াতের নেতৃবৃন্দ জনসভায়স্থল শহরের এটিএম মাঠ পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি এবং নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম এ তথ্য নিশ্চিত করে বলেন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ নওগাঁয় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে আমরা জনসভা সফল করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন আশাকরি ৫ তারিখ নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরের রূপ নেবে এবং একটি সফল সমাবেশ হবে। মানুষ জানতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে, আমরা কেমন মাতৃভূমি চাই তার একটি রূপরেখা আমিরে জামাত তুলে ধরবেন। যেহেতু ১১টি উপজেলা থেকেই মানুষ আসবে সেই হিসেবে আমরা মনে করছি ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগম ঘটবে। আমরা দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে চাই।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের এ টিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।